প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫ ১৯:২৮ (সোমবার)
যৌতুকের বিচার চাইতে এসে আদালতেই স্বামীর হাতে স্ত্রী খুন

ছবি: স্বামী আখতার হোসেন।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত শরীফা আক্তার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে। তাঁর স্বামী ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে আখতার হোসেন (৪০)। দম্পতির ছয় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন শরীফা। এ সময় তাঁর স্বামী আখতার হোসেন পিছন থেকে এসে শরীফার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা ঘাতক স্বামী আখতার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, আখতার হোসেনের সঙ্গে শরীফার দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সাত বছর আগে তাদের বিয়ে হয়। গত ৮ সেপ্টেম্বর আখতার হোসেন আদালতে অভিযোগ দায়ের করেন যে, স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন আটকে রেখেছে। ওই মামলার হাজিরা দিতে সোমবার সকালে আদালতে গেলে এ হত্যাকাণ্ড ঘটে।

শরীফার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই বলেন, “শরীফাকে তাঁর পরিবারের লোকজন নিয়ে যায়নি। যৌতুকের জন্য নির্যাতন করায় স্বামী তাঁকে তাড়িয়ে দিয়েছিল। পরে শরীফা ১২ জুলাই আখতার হোসেনকে তালাক দেয়।”

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, “স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তারের মৃত্যু হয়েছে। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”