রেললাইনের দুরাবস্থার কারণে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে ছোটো বড় রেল দুর্ঘটনা এখন নিয়মিত ঘটনা। মঙ্গলবারও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেন মোগলাবাজার অতিক্রম করার সময় ইঞ্জিনসহ উল্টে গেছে। এতে ব্যাহত হয় সিলেটের সাথে সব ধরনের রেল যোগাযোগ।
আন্তনগর উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় প্রায় চার ঘন্টা পর সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে কালনি এক্সপ্রেস। সকাল ছয়টায় ছেড়ে যাওয়ার জন্য সিলেট রেলওয়ে স্টেশনে অপেক্ষারত ট্রেনটি শেষ পর্যন্ত সকাল ১০টার দিকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পেরেছে।
সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সকাল ১০টার দিকে লাইনচ্যুত কামরা সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়। এসময় সিলেট স্টেশনে আটকে পড়া কালনি এক্সপ্রেস ট্রেন প্রায় চার ঘন্টা দেরিতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর উদয়ন এক্সপ্রেসের অন্তত তিনটি বগি সিলেটের নিকটবর্তী মোগলাবাজারে লাইনচ্যুত হয়। এতে আহত হন অন্তত ২০ যাত্রি। বন্ধ হয়ে যায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ।
ট্রেনের যাত্রি ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের মোগলাবাজার রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় এর ইঞ্জিনসহ অন্তত ৪টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি কামরা উল্টে যায়। এসময় যাত্রিদের মধ্যে চরম আতংক দেখা দেয়। বেশ কয়েকজন আহতকে উদ্ধার করা হয়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম. জানান, দ্রুত পদক্ষেপ নিয়ে একটি লাইন ক্লিয়ার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে কালনি এক্সপ্রেস। উদয়ন এক্সপ্রেসের লাইনচ্যুত কামরা উদ্ধারে কার্যক্রম চলছে। এতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসলে বগি গুলোর উদ্ধার কাজ শুরু হবে। তবে সিলেটের সাথে এখন স্বদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় কারণ তদন্তেকমিটি গঠন করা হবে।