ছবি: ইমজা নিউজ
উত্তর সিলেটের প্রখ্যাত আলেম ও ইসলামী আন্দোলনের অন্যতম পথিকৃৎ মরহুম হযরত শায়খ আব্দুল্লাহ (রহ.) প্রতিষ্ঠিত দারুল উলুম হরিপুর বাজার মাদ্রাসায় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট-৪ আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট সিটি করপোরেশনের সাবেক জননন্দিত মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে মাদ্রাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি স্থানীয় আলেম সমাজের খোঁজখবর নেন এবং নির্বাচনে সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ৩ নভেম্বর বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থীতার তালিকায় সিলেট-৪ আসনে কোনো প্রার্থীর নাম ছিল না। পরে ৫ নভেম্বর রাতে আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সিলেট-৪ আসনে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন।
পরদিন শুক্রবার তিনি গোয়াইনঘাটের রাধানগরে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য জননেতা দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।
আজ দ্বিতীয় দিনে তিনি দারুল উলুম হরিপুর মাদ্রাসায় জমিয়তে ওলামা (হিন্দ) এর অনুসারী আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে আরিফুল হক চৌধুরী মরহুম হযরত মাওলানা শায়েখ আব্দুল্লাহ হরিপূরীর কবর জিয়ারত করেন।
যদিও বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে সিলেট-৪ আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি, তবুও আরিফুল হক চৌধুরীর মাঠে নামা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে গোয়াইনঘাটে বহিরাগত প্রার্থী মনোনয়নের আশঙ্কায় স্থানীয় দুজন সম্ভাব্য প্রার্থীর সমর্থকরা বিদ্রোহ ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন।