ছবি: সংগৃহিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিনব কৌশলে গ্রেপ্তার হলেন দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪)।
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সীমান্তঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেলেই তিনি পালিয়ে যেতেন। তার বেশ কিছু সোর্স থাকায় আগাম খবর পেয়ে প্রতিবারই গ্রেপ্তার এড়াতে সক্ষম হতেন।
এ অবস্থায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এএসআই শরাফত আলী বুদ্ধিদীপ্ত কৌশল গ্রহণ করেন। তিনি বোরকা পরে নারী সেজে এবং সঙ্গে থাকা ফোর্স সদস্য মো. রোকন উদ্দিন পাঞ্জাবি ও টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে করে স্বপন মিয়ার বাড়িতে প্রবেশ করেন। ঘরে ঢুকেই দেখা যায়, স্বপন মিয়া বিছানায় শুয়ে আছেন। বুঝে ওঠার আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলে।
এএসআই শরাফত আলী বলেন, `দীর্ঘদিন ধরে তাকে ধরার চেষ্টা করছিলাম। সে খুব চতুর ছিল- সামান্য পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এবার কৌশল বদলে ছদ্মবেশে অভিযান চালিয়ে সফল হয়েছি।'
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, `আসামি গ্রেপ্তারে পুলিশের এই অভিযান সত্যিই প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যত কৌশলই অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে।'
গ্রেপ্তার স্বপন মিয়াকে থানায় রাখা হয়েছে। তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।