প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫ ২২:৫৭ (মঙ্গলবার)
সিলেটসহ ৬ বিভাগ ঢেকে যাবে কুয়াশায়

ছবি: সংগৃহিত

বাংলাদেশের দিকে মৌসুমের প্রথম কুয়াশা বেল্ট ধেয়ে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শনিবার (৮ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা এ তথ্য জানান।

বিডব্লিউওটি জানায়, কুয়াশা বেল্ট সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে বেশি সক্রিয় থাকতে পারে।

এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। কুয়াশা বেল্টের প্রভাবে এই বিভাগের বিভিন্ন এলাকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে। তবে এটি কোনো শৈত্যপ্রবাহ নয়, তাই দেশে তীব্র শীতের সম্ভাবনা নেই।

অন্যদিকে, দেশের বিভিন্ন এলাকায় রাতের তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে, কিছু কিছু স্থানে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যেতে পারে। কুয়াশা বেল্টের শুরু এবং কোন জেলায় বেশি প্রভাব ফেলতে পারে তা শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন বিডব্লিউওটি।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কম থাকবে।