সংবাদ সম্মেলনে জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর বিভিন্ন পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দ।
আগামী ১৭ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন ২০২৫। সোমবার দুপুরে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের হল রুমে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট নামের একটি সংগঠন।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, আগামী ১৭ নভেম্বর নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে ফিলিস্তিন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা ফজলুর রহমান।
আয়োজকেরা বলেন, ফিলিস্তিনের সমস্যা শুধু মধ্যপ্রাচ্য বা একটি নির্দিষ্ট ভূখন্ডের বিষয় নয় বরং এটি মুসলিম উম্মাহর জন্য এক গভীর সংকট ও মানবাধিকার বিরোধী ঘটনা। বহু বছর ধরে ফিলিস্তিন বাসী অত্যাচারিত ও নিপীড়িত। আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিন সংকটের প্রতি যথাযথ মনযোগ দিচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা বলেন, আসন্ন ফিলিস্তিন সম্মেলন ফিলিস্তিনের জনগণের প্রতি সিলেট তথা বাংলাদেশের সংহতি প্রকাশ এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান প্রকাশের এক মহা সুযোগ তৈরি হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত আলেম মাওলানা ফজলুর রহমান ইসলামি বিশ্বের প্রভাবশালী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যাক্তি। ইতিমধ্যে কাশ্মির, ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট সমাধানে তিনি রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকা রেখেছেন। ফিলিস্তিন বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে প্রখ্যাত এই আলেমের সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ পেতে জামেয়াতুল খাইর আল ইসলামিয়া এর আয়োজনে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানান আয়োজকেরা।