প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫ ২১:১৭ (মঙ্গলবার)
‘বারাণসী’র প্রথম ঝলক উন্মোচন, মহেশ- প্রিয়াঙ্কাকে নিয়ে উত্তাল ভক্তরা

ছবি: সংগৃহিত

অস্কারজয়ী ‘আরআরআর’র পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন ভারতের খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলি।

গতকাল শনিবার হায়দরাবাদে জমকালো আয়োজনে তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘বারাণসী’-র নাম ও প্রথম ঝলক প্রকাশ করা হয়। নাম ঘোষণার মুহূর্তে রামোজি ফিল্ম সিটির আকাশ কাঁপিয়ে ওঠে হাজারো মহেশ ভক্তের স্লোগান- ‘জয় বাবু, জয় জয় বাবু!’

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু (রুদ্র), প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (মন্দাকিনী) এবং পৃথ্বীরাজ সুকুমারন (কুম্ভ)।

প্রথম ঝলক প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানে ‘বারাণসী’র জনপ্রিয় গান ‘সঞ্চারী’ পরিবেশন করেন শ্রুতি হাসান। গানটির সুরকার অস্কারজয়ী সংগীত পরিচালক এম এম কিরাবাণী। তিনি পৃথ্বীরাজ অভিনীত খলনায়ক চরিত্র ‘কুম্ভ’র সংগীত-পরিচিতিও তুলে ধরেন।

এলইডি স্ক্রিনে প্রদর্শিত প্রথম ফুটেজে দেখা যায়- ছবির গল্প বিস্তৃত হাজার বছরের ইতিহাস জুড়ে, প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত।

রাজামৌলি জানান, ছবির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি নির্মাণ করেছেন মহাকাব্য ‘রামায়ণ’ থেকে অনুপ্রাণিত হয়ে।

রাজামৌলি বলেন, ‘ছোটবেলা থেকেই মহাভারত–স্তরের একটি স্বপ্নের সিনেমা বানানোর ইচ্ছে ছিল। “বারাণসী” সেই ভাবনারই অংশ। রামায়ণের একটি স্তম্ভ গল্পে রেখেছি।’

তিনি আরও যোগ করেন, ‘৬০ দিন শুট করেছি। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ ছিল। বলতে পারি, এটি আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সিনেমা হবে- আর মহেশের ক্যারিয়ারেও সেরা মুহূর্তগুলোর একটি।’

সিনেমার বেশ কিছু অংশ শুট হয়েছে আইম্যাক্স ফরম্যাটে, যার কয়েকটি দৃশ্য প্রদর্শন করা হয় ১০০ ফুট এলইডি স্ক্রিনে।

পৃথ্বীরাজ বলেন, ‘এটা ভারতীয় সিনেমার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। রাজামৌলি আবারও ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে তুলতে চলেছেন-এবার আরও বড় পরিসরে।’

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “রাজামৌলি স্যারই সেই দূরদর্শী নির্মাতা, যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। আমাকে ‘মন্দাকিনী’ চরিত্রে নেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞ।”

মহেশ বাবু আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি সবাইকে গর্বিত করব- সবচেয়ে বেশি গর্বিত করব আমার পরিচালককে। পুরো ভারত আমাদের নিয়ে গর্ব করবে।’

শ্রীদুর্গা আর্টস ও শোয়িং বিজনেস প্রযোজিত ‘বারাণসী’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৭ সালে।