ছবি: ইমজা নিউজ
মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য গিয়ে মৃত্যুবরণ করা সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপের মরদেহ আগামীকাল মঙ্গলবার দেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়েছে।
ফ্লাইটজনিত ত্রুটির কারণে মঙ্গলবার মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন দীপের ছোট ভাই দিবাকর দাস ধ্রুব।
তিনি জানান, নতুন ফ্লাইট নির্ধারণের পর মরদেহ দেশে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হবে।
এর আগে দিবাকর দাস ধ্রুব ফেসবুকে জানান, মঙ্গলবার দুপুরে বিমানযোগে মরদেহ বাংলাদেশে পৌঁছাবে এবং সরাসরি হবিগঞ্জের পুটিজুরীতে নেওয়া হবে। সেখানেই সম্পন্ন হবে দ্বীপের শেষকৃত্য।
গত মাসে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া যাওয়া দীপঙ্কর দাস দীপ গত বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কুয়ালালামপুরে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
সিলেটে পরিবারসহ গোপালটিলা এলাকায় বসবাস করতেন দীপ। সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক বিষয় নিয়ে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তার এসব ভিডিওতে মা ও পরিবারের অন্যান্য সদস্যদেরও দেখা যেত।
সিলেটে দীপের অনেক বন্ধু ও অনুরাগী শেষবারের মতো তাকে দেখতে চাইলেও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ সিলেটে আনা হচ্ছে না।
ছোট ভাই দিবাকর দাস ধ্রুব ফেসবুকে জানান, মঙ্গলবার দুপুরে বিমানযোগে মরদেহ বাংলাদেশে পৌঁছালে সরাসরি হবিগঞ্জের পুটিজুরীতে নেওয়া হবে। সেখানেই সম্পন্ন হওয়ার কথা দীপের শেষকৃত্য।