প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫ ২০:৫৯ (বুধবার)
মোরসালিনের গোলে উচ্ছ্বাসে গর্জে উঠলো স্টেডিয়াম

ছবি: সংগৃহিত

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ঘিরে ভারতের বিপক্ষে বাংলাদেশি ভক্তদের উন্মাদনা শুরু হয়েছিল অনেক আগেই। ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে থেকেই দর্শকরা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ভিড় করতে থাকেন। তবে রাত ৮টায় খেলা শুরু হলেও স্টেডিয়ামের কিছু অংশ তখনও ফাঁকা দেখা যায়।

নিয়ম অনুযায়ী রাত ৭টার পর দর্শকদের প্রবেশাধিকার বন্ধ হওয়ার কথা থাকলেও এর পরও অনেককে স্টেডিয়ামে ঢুকতে দেখা গেছে।

গেইটের কর্মরতরা জানান, সীমিত সংখ্যক দর্শককে প্রবেশ করানো হয়েছে। অন্যদিকে অনেকে ঢুকতে না পেরে বিভিন্ন গেইটের সামনে ভিড় করেন।

ম্যাচ শুরুর আগমুহূর্তে উত্তেজনা নতুন মাত্রা পায়। ভারতীয় দলকে লক্ষ্য করে স্টেডিয়ামে ধ্বনিত হয়-‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ও ‘আল্লাহু আকবর’ স্লোগান। দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ও সাম্প্রতিক নানা ঘটনার প্রভাবও এসব স্লোগানে স্পষ্ট হয়ে ওঠে।

ম্যাচের শুরুতেই মাঠে উদ্দীপনার স্ফুলিঙ্গ ছড়ান তরুণ ফরোয়ার্ড মোরসালিন। ১২তম মিনিটে রাকিবের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ডি-বক্সের সামনে থেকে ফিরে আসা বল আলতো টোকার মাধ্যমে জালে পাঠান তিনি। গোলরক্ষক এগিয়ে এলেও আটকাতে পারেননি সেই শট। গোল হতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

ফুটবলের উত্তাপ, গ্যালারির স্লোগান, আর মোরসালিনের গোল- সব মিলিয়ে ভারত-বাংলাদেশ ম্যাচের শুরুটা ছিল রোমাঞ্চে ভরপুর।