প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫ ২০:৫০ (বুধবার)
বিচার বিভাগ পাচ্ছে আলাদা সচিবালয়, অধ্যাদেশ জারি

ছবি: সংগৃহিত

বাংলাদেশে অবশেষে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। উচ্চ আদালতের অধীনে এই নতুন সচিবালয় পরিচালিত হবে।

আগামী সপ্তাহেই ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ এর গেজেট জারি করা হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৈঠকে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যেই অধ্যাদেশ জারি করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষের গত ২০–৩০ বছরের আকাঙ্ক্ষা পূরণ হবে। আজ আমরা মাসদার হোসেন মামলার রায় পুরোপুরি বাস্তবায়ন করে বিচার বিভাগের স্বাধীনতার শেষ ধাপটি সম্পন্ন করলাম।’

বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করার দাবিতে ১৯৯৫ সালে মামলা করেছিলেন বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসদার হোসেন ও তার সহকর্মীরা। ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগের পক্ষে ঐতিহাসিক রায় প্রদান করেন।

২৬ বছর পর সেই রায়ের পূর্ণ বাস্তবায়নের অংশ হিসেবে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয়ের অনুমোদন পেল সরকার।