অসংখ্য ভুলের পরও শেষ পর্যন্ত সুপার ওভারের নাটকীয়তায় ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল।
নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ও ভারত- দুই দলই সমান ১৯৪ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে বাংলাদেশের ত্রাণকর্তা রিপন মন্ডল। টানা দুই বলে দুই উইকেট তুলে নেন তিনি। ফলে আকবর আলিদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। কিন্তু সেই সহজ লক্ষ্যও জটিল করে তোলে ব্যাটাররা। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন ইয়াসির আলি রাব্বি, তৈরি হয় নতুন চাপ।
শেষ পর্যন্ত ভারতের স্পিনার সুয়াশ শর্মার ওয়াইডে আসে কাঙ্ক্ষিত সেই এক রান। এতে টাইয়ের শঙ্কা কাটিয়ে ফাইনালে জায়গা পাকা করে বাংলাদেশ ‘এ’ দল।
এর আগে ম্যাচে বহু সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। ক্যাচ মিস ও ফিল্ডিং ভুলে ১৯৪ রানের পুঁজি নিয়েও শেষ ওভার পর্যন্ত দুশ্চিন্তায় ছিল দলটি। শেষ বলে ভারতের দরকার ছিল ৪ রান। তারা ২ রান নিলে জয়ের মুখে ছিল বাংলাদেশ, কিন্তু স্টাম্প ভাঙতে গিয়ে আকবর আলির থ্রো মিস করে বসায় আরেক রান নিয়ে ম্যাচ টাই করে ভারত।
ঘণ্টাখানেক পর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’।
এই ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামী ২৩ নভেম্বর ফাইনালে খেলবে বাংলাদেশ ‘এ’ দল।