প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ ২০:৫২ (মঙ্গলবার)
ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মাস শেষে হতে পারে বৃষ্টি

ছবি: সংগৃহিত

দক্ষিণ-পূর্ব আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন আবহাওয়াবিষয়ক সিস্টেম নজরে এসেছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এলাকাটিতে একটি সার্কুলেশন তৈরি হয়েছে, যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে বিডব্লিউওটি বলেছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে ধাবে কি না- এটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে আরও তিন থেকে চার দিন পর স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে সিস্টেমটির প্রভাবে নভেম্বরের শেষ দিকে দেশে বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শীতের আমেজ তৈরি হলেও শৈত্যপ্রবাহের তেমন সম্ভাবনা নেই বলেও জানিয়েছে বিডব্লিউওটি।

তাদের আরেক পোস্টে বলা হয়, নভেম্বরের বাকি দিনগুলোতে প্রবল শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তাপমাত্রা কখনো বাড়বে, কখনো কমবে- এভাবে দোলাচল অবস্থায় থাকবে দেশের আবহাওয়া।

পুরোপুরি শীতের স্বাদ পেতে হলে শৈত্যপ্রবাহের আগমনের অপেক্ষায় থাকতে হবে। তার আগে পর্যন্ত ‘এই শীত-এই গরম’ পরিস্থিতি চলবে বলেও জানায় সংস্থাটি।