প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫ ২১:৪৫ (মঙ্গলবার)
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কুলাউড়ায় ’রোডমার্চ’

ছবি: সংগৃহিত

মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মনোনয়নবঞ্চিত দলের নেতা আবেদ রাজা তাঁর অনুসারী নেতা-কর্মীদের নিয়ে ‘রোডমার্চ’ করেছেন।

রোববার (২৩ নভেম্বর)  বেলা তিনটার দিকে কুলাউড়ার ব্রাহ্মণবাজার মিশন চৌমোহনা এলাকা থেকে পূর্বঘোষিত ‘রোডমার্চ’ কর্মসূচি শুরু হয়। এতে অন্তত ২০০ মোটরসাইকেল ও কয়েকটি প্রাইভেট কার ও বাসে করে বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন।

রোডমার্চে আবেদ রাজা একটি খোলা জিপে দাঁড়িয়ে হাত নেড়ে পথচারীদের শুভেচ্ছা জানান। পরে রোডমার্চটি উপজেলার টিলাগাঁও, পৃথিমপাশা ও রাউৎগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে কুলাউড়া পৌর শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি যুক্তরাজ্যপ্রবাসী শওকতুল ইসলামকে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে দলটি। মনোনয়নবঞ্চিত আবেদ রাজা দলের মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সহসভাপতি।

এর আগে ২০০৮ সালের সংসদ নির্বাচনে আবেদ রাজা এ আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

কর্মসূচি শুরুর আগে আবেদ রাজা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমরা বলেছিলাম, ভুল-ত্রুটি হতে পারে, সিদ্ধান্ত গ্রহণে অনেক বিষয় থাকতে পারে। তাই মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছি। দলের দুর্দিনে সব আন্দোলন-সংগ্রামে ছিলাম। আশা করি দল মনোনয়ন পুনর্বিবেচনা করবে।’