ছবি: সংগৃহিত
ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শিগগিরই নতুন সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। এ বিষয়ে দেশটির চারজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাদের দাবি- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চাপের মুখে রাখতে গত কয়েকদিন ধরে ক্যারিবিয়ান অঞ্চলে সেনা সমাবেশ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং মাদক কারবারীদের নৌকা লক্ষ্য করে বিমান হামলাও চালানো হচ্ছে।
রয়টার্স এখনো নিশ্চিত করতে পারেনি ঠিক কবে অভিযান শুরু হবে এবং এর পরিধি কী হবে।
একইসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে নতুন অভিযানের অনুমোদন দিয়েছেন কি না সেটিও স্পষ্ট নয়।
দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অভিযানের অংশ হিসেবে মাদুরোর বিরুদ্ধে গোপন তৎপরতা চালানো হতে পারে।
আরেক কর্মকর্তা বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করে; এটি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের ক্ষমতা ও প্রস্তুতি রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের।
ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ভেনেজুয়েলার মাদক কারবারে প্রেসিডেন্ট মাদুরো জড়িত- যা মাদুরো বরাবরই অস্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্রের আরও দুই কর্মকর্তা জানিয়েছেন, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও আলোচনায় রয়েছে।
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট মাদুরোকে সরানোর প্রয়াস যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময় এ চাপ আরও বেড়েছে। তবে মাদুরো বলেছেন, দেশের জনগণ ও সেনাবাহিনী যেকোনো বিদেশি আগ্রাসন প্রতিহত করবে।
গত কয়েক মাসে ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইসঙ্গে ভেনেজুয়েলার ভেতরে সিআইএ-কে গোপন অভিযানের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
এদিকে সোমবার মাদক চোরাচালানকারী গোষ্ঠী ‘কার্টেল দে লোস সোলেস’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি- এই গোষ্ঠীর সঙ্গে প্রেসিডেন্ট মাদুরোর সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
গোষ্ঠীটি সন্ত্রাসী তালিকায় যুক্ত হলে, যুক্তরাষ্ট্র এই অজুহাতে মাদুরোর সম্পদের ওপর ব্যবস্থা নিতে পারবে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন- এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে মাদুরোর সঙ্গে আলোচনায় যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।