ছবি: সংগৃহিত
গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তা আদালতে ভার্চ্যুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদনকে কার্যত নাকচ করে জানিয়েছে- এ ধরনের সুবিধা দেওয়া সম্ভব নয়।
রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বলেন, `যেখানে সাবেক প্রধান বিচারপতি সশরীরে হাজির হচ্ছেন, সেখানে সেনা কর্মকর্তাদের জন্য ছাড় কেন? আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য।'
ট্রাইব্যুনালের অন্য সদস্য বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের উকিলের উদ্দেশে ট্রাইব্যুনাল আরও বলেন, `অসুবিধা মনে হলে সরকারকে বলুন মামলা উঠিয়ে নিতে।' তবে ট্রাইব্যুনাল এখনো আনুষ্ঠানিক আদেশ দেয়নি।
এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিরা ভার্চ্যুয়াল হাজিরা চান, কিন্তু ট্রাইব্যুনাল মনে করে-দেশে সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আসামিরা নিয়মিত সশরীরে হাজিরা দিচ্ছেন। তাই বিশেষ বিবেচনায় সেনা কর্মকর্তাদের আলাদা সুবিধা দেওয়ার প্রয়োজন নেই।
তিনি বলেন, `সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান। তাই বিশেষ ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।' তবে ট্রাইব্যুনাল আসামিপক্ষের আবেদন শুনবে বলেও জানান চিফ প্রসিকিউটর।