প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫ ২০:০৮ (মঙ্গলবার)
বাংলাদেশকে দেয়ার জন্য ১ লাখ টন চাল কিনছে পাকিস্তান

ছবি: সংগৃহিত

বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কেনার উদ্দেশ্যে দরপত্র আহ্বান করেছে পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি)। সোমবার এ তথ্য প্রকাশ করেছে দেশটির শীর্ষ গণমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে জানানো হয়, গত ২০ নভেম্বর জারি করা টিসিপি টেন্ডার অনুযায়ী মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর বেলা ১১টা ৩০ মিনিট।

টেন্ডারের মাধ্যমে করাচি বন্দর হয়ে বাংলাদেশে রপ্তানির জন্য লম্বা দানার সাদা চাল (ইরি-৬) সরবরাহের বিষয়ে কোম্পানি, অংশীদারিত্ব প্রতিষ্ঠান ও একক মালিকদের কাছ থেকে পৃথক সিল করা দরপত্র আহ্বান করা হয়েছে।

দরপত্র শর্ত অনুযায়ী চাল অবশ্যই পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ ফসলের মজুদ থেকে সরবরাহ করতে হবে। চালের গুণগত মানে কোনো অপ্রীতিকর গন্ধ, ছত্রাক, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড় বা আক্রমণের চিহ্ন থাকতে পারবে না- এমনটাই উল্লেখ করা হয়েছে।

এ বছরের ফেব্রুয়ারিতেই পাকিস্তান ও বাংলাদেশ সরকার থেকে সরকার পর্যায়ে সরাসরি বাণিজ্য শুরু করে-প্রথম পদক্ষেপ ছিল ৫০ হাজার টন চাল আমদানি।

দ্য ডন জানায়, কয়েক দশকের অস্থিরতার পর ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ইসলামাবাদ–ঢাকা সম্পর্কের উন্নতি ঘটেছে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পৃক্ততাও বেড়েছে।