প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫ ২০:৫২ (শনিবার)
নির্বাচনী প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করল জামায়াত

ছবি: সংগৃহিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা করতে নিষেধ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে দলটির আমির শফিকুর রহমানের স্বাক্ষরিত একটি নির্দেশনা সোমবার দেশের সব জেলা–মহানগর শাখা ও সংসদ–প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রা বেড়ে গেছে। এসব কার্যক্রমে কয়েকটি দুর্ঘটনা ও আহতের ঘটনার পরিপ্রেক্ষিতে আমিরে জামায়াত দেশজুড়ে মোটরসাইকেল র‌্যালি এবং শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে অধস্তন শাখা ও মনোনীত প্রার্থীদের এই নির্দেশনা পাঠানো হয়েছে।’

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দলটি ইতোমধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এবং তারা প্রচারণায়ও নেমেছেন। তবে গত শনিবার সাতক্ষীরায় জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রায় ফজর আলী নামে এক বৃদ্ধ নিহত হন।

এর আগে ১৪ নভেম্বর রংপুরে নির্বাচনী প্রচারণার মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দলের আরেক কর্মী।

দলীয় এই দুই মৃত্যুর পরই মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করল জামায়াতে ইসলামী।