প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ ২১:৩৫ (মঙ্গলবার)
ভারতে ভাড়া বাসা থেকে বাংলাদেশি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: শাহরিয়ার

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় বেটা-১ সেক্টরের একটি ভাড়া বাড়ি থেকে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনআইইউ)-এর ছাত্র এবং বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

রোববার সন্ধ্যায় বাড়ির মালিক জানালা দিয়ে শাহরিয়ারকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপরই বেটা-২ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে এবং ফরেনসিক দল নমুনা সংগ্রহ করে।

তদন্তে পুলিশ জানায়, বিহারের মধুবনীর বাসিন্দা রূপা নামে এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল শাহরিয়ারের। গত ১৬ নভেম্বর দু’জন মিলে নিজেদের বিবাহিত দম্পতি পরিচয় দিয়ে মাসে ৮ হাজার রুপিতে বাসা ভাড়া নেন। পরদিন বাড়িতে ওঠেন তারা।

বাড়িওয়ালা পুলিশের কাছে জানিয়েছেন- ২১ নভেম্বর রূপা ঘর থেকে বের হলেও আর ফিরে আসেননি। সেদিন থেকেই শাহরিয়ারের ফোনও বন্ধ ছিল। এতে সন্দেহ তৈরি হয়। পরে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়ায় জানালা দিয়েই লাশ দেখতে পান বাড়ির মালিক।

স্টেশন হাউস অফিসার বিনোদ কুমার জানান, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট মেলেনি।

তবে তদন্ত কর্মকর্তারা খতিয়ে দেখছেন- রূপার চলে যাওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কি না,ফোন বন্ধ থাকার রহস্য, বিশ্ববিদ্যালয়ে কোনো সমস্যা ছিল কি না।

এ ঘটনায় বাংলাদেশে নিহতের পরিবারকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

এদিকে সোমবার সন্ধ্যা পর্যন্ত রূপার কোনো সন্ধান পায়নি পুলিশ।