প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫ ২১:৫৩ (মঙ্গলবার)
শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি: পরীক্ষা করছে ভারত

ছবি: শেখ হাসিনা

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া চিঠি পরীক্ষা করছে।

বুধবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

জয়সওয়াল বলেন, ‘চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার সঙ্গে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের দিকে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।’

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, নোট ভারবাল (কূটনৈতিক পত্র) বাংলাদেশের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি এবং দ্রুত উত্তর আশা করা হচ্ছে না।

গত বছর ছাত্র-জনতার তীব্র গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়েছিলেন। এরপর দুই দফায় বাংলাদেশ তাকে প্রত্যর্পণের অনুরোধ করলেও ভারত সাড়া দেয়নি।

এরই মধ্যে, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের ওই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। এরপর বাংলাদেশ তৃতীয়বারের মতো চিঠি পাঠিয়ে ভারতকে প্রত্যর্পণের অনুরোধ করেছে।

ভারতের পক্ষ থেকে এই চিঠির কোনো উত্তর না আসলেও ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর একটি বিবৃতিতে বলা হয়েছিল, নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার জন্য অঙ্গীকারবদ্ধ এবং সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।