প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ ১৯:১৯ (শনিবার)
হবিগঞ্জে দুদকের গণশুনানিতে বিআরটিএ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

ছবি: সংগৃহিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন হবিগঞ্জে অনুষ্ঠিত এক গণশুনানিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন।

এক ট্রাকচালকের ঘুষ দাবির অভিযোগের ভিত্তিতে গত সোমবার (২৪ নভেম্বর)  হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই শুনানিতে তাৎক্ষণিকভাবে নির্দেশটি দেওয়া হয়।

গণশুনানিতে সদর উপজেলার হাতিরথান এলাকার ট্রাকচালক নোমান মিয়া অভিযোগ করেন, নির্ধারিত ফি জমা দেওয়ার পর ফিটনেস টোকেন নিতে গেলে পরিদর্শক আশরাফুল ইসলাম প্রকাশ্যে চার হাজার টাকা ঘুষ দাবি করেন এবং দিনভর হয়রানি করেন। অভিযোগ শোনার পর দুদক চেয়ারম্যান উপস্থিত বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে অভিযোগের সত্যতা যাচাই করেন। পরে তিনি আশরাফুল ইসলামকে দ্রুততম সময়ে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।’

দুদকের ধারাবাহিক এই কঠোর পদক্ষেপ সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

হবিগঞ্জে অনুষ্ঠিত গণশুনানিকে ঘিরে জনসাধারণের ব্যাপক সাড়া দেখা যায়। জেলার বিভিন্ন এলাকা থেকে আগে স্থাপিত ১০টি বুথে দুই সপ্তাহে প্রায় ২০০টি অভিযোগ জমা পড়ে। রেলওয়ে হাসপাতাল, নির্বাচন অফিস, রেজিস্ট্রি, বিআরটিএ ও পাসপোর্ট অফিস–সংক্রান্ত অভিযোগ ছিল সংখ্যাগরিষ্ঠ। যাচাই শেষে মোট ৮০টি অভিযোগের প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, জনগণের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে দুদকের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।