ছবি: সংগৃহিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা নেমে দাঁড়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত মৌসুমের সর্বনিম্ন।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক মুজিবুর রহমান।
তিনি জানান, ‘আজ সকাল ৬টায় শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে।’
তাপমাত্রা কম থাকলেও সকাল থেকে শ্রীমঙ্গলে ঝলমলে রোদ দেখা গেছে, যা কিছুটা উষ্ণতা দিয়েছে। তবে শহরের তুলনায় গ্রামাঞ্চল ও চা–বাগান এলাকায় শীতের অনুভূতি বেশি তীব্র।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার পর শহরে ঠান্ডার মাত্রা কিছুটা কম থাকলেও বাগান এলাকা ও গ্রামাঞ্চলে শীতের দাপট বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।
চা–বাগান এলাকায় শীতের তীব্রতা বেশি হওয়ায় চা–শ্রমিকদের কাজেও সমস্যা দেখা দিচ্ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দৈনন্দিন কাজের গতি কমে যাচ্ছে বলেও জানা গেছে।