প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ ২১:১০ (মঙ্গলবার)
মনিপুরে আসাম রাইফেলসের চৌকিতে হামলা, ৪ জন আহত

ছবি: সংগৃহিত

ভারতের মণিপুর রাজ্যের টেংনৌপাল জেলায় মিয়ানমার সীমান্তবর্তী সাইবোল গ্রামে আসাম রাইফেলসের একটি অস্থায়ী চৌকিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে চালানো এ হামলায় আসাম রাইফেলসের অন্তত চার সদস্য আহত হয়েছেন বলে একাধিক সূত্র দাবি করেছে।

তবে আসাম রাইফেলস এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

পুলিশ জানায়, ঘটনাস্থলটি টেংনৌপাল সদর দপ্তর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত। জেলার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা আসাম রাইফেলসের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাইয়ের চেষ্টা করছি। সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত পাওয়া কঠিন। তবে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।’

এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার দায় এখনো কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আসাম রাইফেলসের টহলদলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনারা সতর্কতার সঙ্গে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।

জেলার এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানান, ‘অভিযান চলমান থাকায় এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না। অভিযান শেষ হলে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ তথ্য জানানো হবে।’