প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫ ২১:১১ (শনিবার)
বিজয় দিবস উপলক্ষে ১৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

ছবি: ইমজা নিউজ

বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির মধ্যে রয়েছে বিজয় মশাল রোড শো, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন। ১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে মহাসমাবেশের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন।

তিনি জানান, ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিজয় মশাল রোড শো অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন, জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান পরিবেশন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের নির্বাচিত অংশ প্রচার করা হবে। এছাড়া জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালের মার্চে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, যা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অঙ্গ। এবারের বিজয় মাস উদযাপনও সেই ঐতিহাসিক স্থানে শুরু হবে। ১ ডিসেম্বর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু হয়ে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছাবে। মশাল বহন করবেন একাত্তরের একজন মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের একজন জুলাই যোদ্ধা।’

বিএনপি মহাসচিব আরও জানান, বিজয় মশাল রোড শো চট্টগ্রাম থেকে শুরু করে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুরে অনুষ্ঠিত হবে। প্রতিটি স্থানে মশাল বহন করবেন একজন মুক্তিযোদ্ধা ও একজন জুলাই যোদ্ধা।

এছাড়া একটি নিরাপদ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দলের ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা হবে। পুরো আয়োজনের থিম সং হবে ‘সবার আগে বাংলাদেশ’।

শেষ পর্যন্ত বিজয় মশাল ঢাকায় এসে ১৬ ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত মহাসমাবেশের মাধ্যমে ১৬ দিনের কর্মসূচি শেষ হবে।