প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫ ১৯:৫১ (বৃহস্পতিবার)
চাহিদামতো সার না পেয়ে সড়ক অবরোধে কৃষকদের বিক্ষোভ

ছবি: সংগৃহিত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চাহিদামতো সার না পাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক শ কৃষক।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত বাট্টাজোড় নতুন বাজার এলাকায় বকশীগঞ্জ–রৌমারী সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভে নামেন। প্রায় দেড় ঘণ্টা সড়ক আটকে রাখায় দুই পাশে দুই কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

কৃষকদের অভিযোগ, রবি মৌসুমে বোরো ধানক্ষেতে সার দেওয়ার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কিন্তু স্থানীয় ডিলার রোমান মিয়ার দোকান থেকে প্রতিশ্রুত সময়মতো সার না পাওয়ায় তাঁদের বিক্ষুব্ধ হতে হয়েছে। সকালে সার নিতে বাজারে জড়ো হলেও দুপুর গড়িয়ে যায়- কিন্তু ডিলারের দোকান থেকে সার সরবরাহ বন্ধ থাকায় কৃষকেরা ক্ষোভে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে আলোচনা করেন। এসময় তাঁরা জাতীয় পরিচয়পত্র যাচাই করে প্রকৃত কৃষকদের সার সরবরাহের আশ্বাস দিলে কৃষকেরা অবরোধ তুলে নেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এলাকায় সারের কোনো সংকট নেই। প্রতি মাসেই যথাযথ বরাদ্দ দেওয়া হলেও অনেক কৃষক চাহিদার তুলনায় বেশি সার দাবি করেন, ফলে বিশৃঙ্খলা তৈরি হয়।

তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র যাচাই করে জমির চাহিদা অনুযায়ী প্রকৃত কৃষকদের সার দেওয়া হবে। এতে কোনো সংকট হবে না।’