প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৪ (শনিবার)
সিলেটসহ সারাদেশে কমবে তাপমাত্রা

সিলেটসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনে অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভোররাত থেকে কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। 

বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়ু-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয় দুর্বল হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।