প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫ ১৪:২০ (মঙ্গলবার)
এভারকেয়ারে নামবে হেলিকপ্টার, যুক্তরাজ্যের চিকিৎসক ঢাকায়

এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে, বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানানো হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন। তার প্রটোকলেই নামবে এই হেলিকপ্টার।

‘বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ ১২০০ ঘটিকা ১৬০০ ঘটিকার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।” প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় এমনটি জানানো হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন  খালেদা জিয়া। তার জীবন গুরুতর সংকটে রয়েছে। তবে পরিবারের কেউ নেই তার সাথে। বড় ছেলে তারেক রহমান এখনও দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেননি।

মঙ্গলবার খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। এর মধ্য দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব এসএসএফকে দেওয়ার ব্যবস্থা হয়। এরপর মঙ্গলবারই এসএসএফ ও পিজিআর সদস্যরা এভারকেয়ার এলাকার নিরাপত্তার দায়িত্ব নেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।

বুধবার সকাল ১০ট ২০ মিনিটে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ এই চিকিৎসক ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ভারকেয়ার হাসপাতাল জানিয়েছে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাথে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক টিমও কাজ করছেন। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়েছে বলে জাহিদ হোসেন জানিয়েছেন।