প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫ ১৯:১৬ (মঙ্গলবার)
১১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল, বাড়বে ভোটের সময়

ছবি: সংগৃহিত

আগামী ১১ ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়টি সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতিই প্রায় শেষ করেছে সংস্থাটি।

ইসি কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আগামী রোববার এ নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ওই বৈঠকেই তফসিল ঘোষণার তারিখসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান, ‘ইতোমধ্যে নির্বাচন কমিশন সাত থেকে ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার জন্য প্রস্তুতি নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী ১১ তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।’

তফসিল ঘোষণার দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেখানেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বাংলাদেশের আইন অনুযায়ী ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থাকলেও এবার সেই সময় এক ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা করছে ইসি। কারণ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট-একই দিনে দুটি ব্যালটে ভোট দিতে হবে ভোটারদের অর্থাৎ বিধিবদ্ধ সময়ের অতিরিক্ত সময় প্রয়োজন হবে।

নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্র জানায়, ভোটগ্রহণের সময় বৃদ্ধি ছাড়াও প্রতিটি ভোটকেন্দ্রে গোপন বুথের সংখ্যাও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব সিদ্ধান্তই চূড়ান্ত হবে আগামী রোববারের বৈঠকে।