সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানার কাষ্টঘর এলাকায় টাস্কফোর্সের অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরবেলা এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় সিলেট মেট্রোপলিটন পুলিশ, ৩৪ বীর বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব-৯ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট।
অভিযানকালে ১৯৩ লিটার চোলাই মদ, ২ কেজি ১৯০ গ্রাম গাঁজা এবং ১৫টি নতুন ও পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন, কোতোয়ালী থানার কাষ্টঘর সুইপার কলোনীর বাসিন্দা মৃত গামার ছেলে বিশাল (২৩), জালালাবাদ থানার টিলারগাঁও এলাকার বাসিন্দা চুনিলাল রায়ের ছেলে আকাশ (২৩), কোতোয়ালী থানার কাষ্টঘর সুইপার কলোনীর বাসিন্দা সুরুজলালের ছেলে সুব্রত (২১), একই এলাকার শুভলালের ছেলে রাজা (২০), একই এলাকার মৃত দুলাল লালের ছেলে করণলাল (২২)। অভিযানে আরও আটক করা হয় কোতোয়ালী থানার কাষ্টঘর সুইপার কলোনীর বাবুলালের ছেলে শান্তি লাল (৪০)কে।
পুলিশ জানায়, প্রথম পাঁচজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া শান্তি লালের বিরুদ্ধে একটি সাজা পরোয়ানাসহ মোট চারটি পরোয়ানা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।