সিলেটের নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. মঈন উদ্দিন আহমদ সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক এবং ঝিনাইদহের সাবেক সিভিল সার্জন ছিলেন। তিনি নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা এবং সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার পিতা ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিন আহমদের শ্বশুর।
পারিবারিক সূত্র জানায়, শনিবার বাদ জোহর প্রথম জানাজা সিলেটের শাহজালাল উপশহর ডি ব্লক মসজিদে অনুষ্ঠিত হয়। এসময় সিলেট বিএনপির উধ্বর্তন নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাদ মাগরিব দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তাঁর নিজ গ্রাম গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বহর গ্রামে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ডা. মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করছেন। একজন সৎ, সজ্জন ও পরহেজগার ব্যক্তি হিসেবে তিনি প্রতিবেশীদের কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
শোকবার্তায় মির্জা ফখরুল আরও বলেন, পেশাগত জীবনে ডা. মঈন উদ্দিন আহমদ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপরদিকে, পৃথক শোকবার্তায় বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দেশের জন্য, গণতন্ত্র-ভোটাধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে ফ্যাসিস্টদের হাতে গুম হয়েছেন ছাত্রদল নেতা দিনার। সন্তানের খুঁজে দীর্ঘ দিন শোকে কাতর ছিলেন। নিজ চোঁখে সন্তানকে না দেখার দুঃখ বেদনা নিয়ে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক নিশ্চয় এর প্রতিদান দিবেন।
তিনি মরহুমে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান।