প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫ ১৪:৫৯ (সোমবার)
সিলেটে আইফোনের জন্য বন্ধুকে খু*ন করে লা/শ ডোবায়: আ ট ক ১

সিলেটের বিয়ানীবাজারে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামে গ্রামের একটি মৎস্য আড়তের পাশের ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক সিলেট জেলার বিয়ানীবাজার থানার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর এলাকার মুতলিব মিয়ার ছেলে ইমন আহমদ (২২)।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার পর জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হলেন- একই ইউনিয়নের আব্দুল করিম মনাইরের ছেলে আশরাফুল (২৩)।

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, নিহত ইমন আহমদের ব্যবহৃত একটি আইফোনকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, আশরাফুল ও ইমন একসাথে চলাফেরা করতেন। ইমনের আইফোনটি নেওয়ার বিষয়ে কয়েকজনের যোগসাজশে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

তাছাড়া ফোনটি ইতোমধ্যে সিলেটে নিয়ে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।