প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৯ (সোমবার)
সিলেটে ‘ডেভিল হান্ট ফেজ-২’ শুরু : আ ট ক ৬

সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় ধাপ ‘ফেজ-২’ শুরু হয়েছে। রাজনৈতিক সহিংসতা, অস্ত্রধারী সন্ত্রাসী তৎপরতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালুর ঘোষণা দেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ৮ ফেব্রুয়ারি ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়, যার লক্ষ্য সিলেটসহ সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) ও রবিবার (১৪ ডিসেম্বর) মহানগর এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা বিস্ফোরক উপাদানাবলী আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডে দায়ের হওয়া মামলার সন্দেহভাজন।

পুলিশের তথ্য অনুযায়ী আটকরা হলেন, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার কায়স্থরাইল কনকর্ড আবাসিক এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে ও আওয়ামীলীগের সক্রীয় সদস্য তায়েফ আহমদ (৩৬), সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া গ্রামের মৃত মিটু মিয়ার ছেলে মো. ফেরদৌস রহমান (২৩), বর্তমানে সিলেটের এয়ারপোর্ট থানার হাউজিং এস্টেট এলাকায় বসবাসরত, সিলেট জেলার জালালাবাদ থানার সোনাতলা এলাকার খুরশিদ আলীর ছেলে ও স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক কমিটির সদস্য তানজির আলী (৩৫), সিলেট জেলার মোগলাবাজার থানার জাহানপুর এলাকার মৃত সাজিদ আলীর ছেলে ও মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবিদুর রহমান আবিল (৪৬), সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানার নোয়াগাঁও সাদিপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে ও ২৪ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন (৩৫) এবং একই থানার মেন্দিবাগ এলাকার মৃত তাজ উদ্দিনের ছেলে ও মহানগর যুবলীগের সক্রিয় সদস্য মো. তুহেল আহমেদ (৩৩)।

এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।