প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫ ১৪:৫৫ (সোমবার)
সিলেটে পৃথক দু*র্ঘটনায় আনসার সদস্যসহ নি/হ/ত ২ : আ/হ/ত ১৫

মহান বিজয় দিবসে সিলেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জৈন্তাপুর উপজেলায় পর্যটকবাহী একটি বাসের সঙ্গে পিকআপের এবং একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে পর্যটকবাহী হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট–তামাবিল মহাসড়কের হরিপুর বাজার ও করিচের পুলের মধ্যবর্তী স্থানে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং অন্তত ১১ জন আহত হন। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকার নুরুল হক নুরার ছেলে মোহাম্মদ জিহাদ (২০)। পুলিশ জানিয়েছে, বাসটি পর্যটক নিয়ে সিলেটের জাফলং এলাকায় যাচ্ছিল।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ শুরু করে এবং আহতদের উদ্ধার করা হয়।

এদিকে, একইদিন সকালে পৃথক আরেকটি দুর্ঘটনায় একজন আনসার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার ৭ নম্বর কূপ সংলগ্ন সিকারখাঁ এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও পর্যটকবাহী হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর হাইয়েস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের বারান্দায় উঠে গেলে সেখানে অবস্থানরত আনসার সদস্য চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত আনসার সদস্য শেরপুর জেলার নকলা থানার বারৈকান্দি গ্রামের বাসিন্দা মোস্তফা। তিনি হরিপুর গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন। এ ঘটনায় সিএনজি চালকসহ অন্তত চারজন গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, নিহত আনসার সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।