সিলেটে বাস থেকে যাত্রী নামিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের একটি ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে আটক করেছে র্যাব–৯। বিবস্ত্র অবস্থায় নির্যাতন চালিয়ে পরিবারকে ভিডিও কলে দেখিয়ে টাকা নিয়ে নেয় চক্রটি। অবশেষে মুক্তিপণের টাকা দিয়ে ছাড়া পান ওই ব্যাক্তি।
র্যাব জানায়, ভিকটিম সিলেট জেলার কানাইঘাট থানার সোনারখেওড় এলাকার বাসিন্দা। গত ৩০ নভেম্বর দুপুরে সিলেট কোর্টে একটি মামলায় হাজিরা শেষে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলে সিলেট–জকিগঞ্জ সড়কের কদমতলী ওভারব্রিজ এলাকার কাছে তাকে বাস থেকে নামিয়ে একটি গাড়িতে তুলে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে অর্থ পরিশোধের পর ৭ ডিসেম্বর সন্ধ্যায় সিলেটের তালতলা এলাকায় তাকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ ডিসেম্বর) দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সিলেট জেলার সিলেট সদর থানার ভার্থখলা দক্ষিণ এলাকার নাজমুল হোসেনের ছেলে আহমদ হোসেন মাহিন (৩০) এবং শরীয়তপুর জেলার নাড়িয়া থানার হালইসার এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. সুহেল আহমদ (২৪)।
র্যাব বলছে, আটককৃতরা দণ্ডবিধির আওতায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের আটক করতে র্যাব–৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।