প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫ ১৯:৫৪ (সোমবার)
ওসমান হাদির মৃত্যু: সিলেটে দোয়া, বিক্ষোভ, ভাংচুর

ছবি: ইমজা নিউজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ প্রচারের পর বিক্ষোভ হয়েছে সিলেটেও। এছাড়া জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার শরিক হন মুসল্লিরা।

বৃহস্পতিবার মধ্যরাতে মিছিল নিয়ে নগরীর চৌহাট্টা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন হাদির অনুসারী ছাত্র-জনতা। বিক্ষুদ্ধরা প্রায় দু ঘন্টা চৌহাট্টা সড়ক অবরোধ করে রাখে।

অনুসারীদের একদল জাতীয় দৈনিক প্রথম আলোর সিলেট অফিসে হামলা চালায়। গেটের বাইরে থেকে একের পর এক ঢিল ছুঁড়ে অফিসের কাঁচ ভেঙে ফেলা হয়।

নগরীর পূর্ব জিন্দাবাজারে প্রথম আলোর অফিস ছাড়াও চৌহাট্টা এলাকায় আলপাইন নামের একটি রেস্তোরাতে ভাংচুর চালায় বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন। তবে বড় ধরনের কোনো নাশকতার খর পাওয়া যায়নি।

রাত আড়াইটার পর সড়ক ছেড়ে যান বিক্ষুব্ধরা।

বিক্ষোভকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’-সহ নানা স্লোগান দেন।

শুক্রবার জুমআর নামাজের পর ওসমান হাদি হত্যার প্রতিবাদে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়। এতে এনসিপি, ইসলামী ছাত্রশিবির, ছাত্র মজলিসের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লীরা অংশ নেন।

এর আগে জুমার নামাজে সমবেত মুসল্লীরা হাদির জন্য বিশেষ দোয়া কামনায় শামিল হন। সিলেট নগরীর কালেকটরেট মসজিদে মুসল্লিদের সাথে দোয়ায় শরিক হন সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলম। এসময় তিনি জুলাই স্পিরিট ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নামাজ ও দোয়ার পর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ চলাকালে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশ।