প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫ ২১:৩৩ (রবিবার)
সিলেটে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহিত।

সিলেট মহানগরীর সিটি সুপার মার্কেট ও হকার্স মার্কেটে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় বিভিন্ন অনিয়মের অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার বেলা ৩টার দিকে যৌথ অভিযানটি পরিচালিত হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু। এসময় অভিযানের সহযোগিতা করেন সিলেট বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া এবং জেলার সহকারী পরিচালক জামাল হোসেন খান, সঙ্গে ছিলেন র‌্যাব-৯-এর একটি দল।

জানা গেছে, অভিযানের সময় পাইকারি দামে কসমেটিক্স সামগ্রী ও ভোগ্যপণ্যের দোকানগুলোতে আমদানিকারকের কোনো তথ্য না থাকা এবং রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় চকলেটসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।

জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: রেইনবো ট্রেডিং– ৫০,০০০ টাকা; পলাশ এন্টারপ্রাইজ– ৫০,০০০ টাকা; রজব এন্টারপ্রাইজ– ৫০,০০০ টাকা এবং মেসার্স বাবলা এন্ড ব্রাদার্স– ২০,০০০ টাকা।

অভিযান শেষে উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’