বৃহস্পতিবার সিলেট সফরে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে তিনি ওইদিন সিলেটে অবস্থান করবেন। দলীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি সিলেটে কয়েকদিন সময় কাটাতে পারেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার এ সফর ঘিরে আগ্রহ দেখা গেছে। দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। অতীতেও দলটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রম সিলেট কেন্দ্র করে শুরু হয়েছে।
তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দক্ষিণ সুরমার প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা। মাহবুব আলী এক সময় নৌবাহিনীর প্রধান ছিলেন এবং পরে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ভাতিজা। ১৯৯৪ সালে তারেক রহমান ও জুবাইদা রহমানের বিবাহ অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র আরও জানায়, এর আগে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকার উদ্দেশে যাত্রাকালে তারেক রহমানকে বহনকারী একটি উড়োজাহাজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। সেখানে স্বল্প সময় অবস্থানের পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। ওই যাত্রায় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এ বিষয়ে দলীয় পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কর্মসূচির বিস্তারিত এখনো জানানো হয়নি। তবে নির্ধারিত সূচি অনুযায়ী সিলেট থেকেই তার রাজনৈতিক কার্যক্রম শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।