প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬ ১১:২১ (সোমবার)
সিলেটে সূর্যের দেখা নেই : বছর শুরুর দিনে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

সিলেট বিভাগে শীতের তীব্রতা আরও বেড়েছে। তাপমাত্রা কমে যাওয়ায় হাওর, পাহাড় ও চা-বাগানবেষ্টিত মৌলভীবাজার জেলায় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। এর আগের দিন বুধবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে সিলেট জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২ ডিগ্রিতে।

শীতের সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল গড়িয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না। ফলে কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলার ৯৩টি চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষজন।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মৌলভীবাজারে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও একই তাপমাত্রা রেকর্ড করা হয়। গত রোববার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি এবং শনিবার ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি আরও বেড়ে গেছে।

তীব্র শীত উপেক্ষা করেই প্রতিদিন কাজে যেতে হচ্ছে চা শ্রমিক ও দিনমজুরদের। তবে অনেকের কাছেই পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় কষ্ট করে কাজ চালিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে নির্মাণশ্রমিক ও খোলা আকাশের নিচে কাজ করা মানুষদের দুর্ভোগ বেশি। জেলার প্রত্যন্ত অঞ্চলে সকাল ও রাতের ঠান্ডায় নিম্ন আয়ের মানুষজন চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন।

বুধবার সারাদিন কুয়াশাচ্ছন্ন আকাশ থাকায় সূর্যের দেখা মেলেনি। বৃহস্পতিবার সকালেও একই পরিস্থিতি বিরাজ করে। এতে ফুটপাত ও বাজারে শীতবস্ত্র কেনাবেচা বেড়েছে। তবে দিনের বেলা সামান্য রোদ উঠলেও শীতের তীব্রতা কমেনি।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে মৌলভীবাজার সদর হাসপাতালসহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। শিশু, বয়স্ক নারী ও পুরুষদের চিকিৎসা নিতে দেখা যাচ্ছে বেশি।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, কয়েকদিনের ব্যবধানে তাপমাত্রা কমে যাওয়ায় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, এমন আবহাওয়া আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।