প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬ ১৯:৫০ (রবিবার)
সিলেটে অ’বৈধ অ স্ত্র ও গু’লিসহ গ্রে ফ তা র ৫

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ওসমানীনগর সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট মো. তানজিলের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টহল দল যৌথভাবে অভিযানে অংশ নেয়।

অভিযানটি পরিচালিত হয় উপজেলার উমরপুর ইউনিয়নের সিকান্দারপুর গ্রামের মো. আফিকুর রহমানের বাড়িতে। তবে অভিযানকালে আফিকুর রহমানকে পাওয়া না গেলেও তার বাড়ি থেকে দুটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় আফিকুর রহমানের সহযোগী হিসেবে সন্দেহভাজন পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন- জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের মৃত ইউসুফ উল্লাহর ছেলে গিয়াস উদ্দিন, নবীগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে মো. হাবু মিয়া, ওসমানীনগর উপজেলার সিকান্দারপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. মজিবুর রহমান, একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাঈদ আহমদ এবং তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের মো. ফারুক আহমদের ছেলে নাইমুর রহমান।

অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে- ২টি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি সেট, ১টি বাইনোকুলার, ১টি পাওয়ার ব্যাংক, ১টি অ্যানালগ মাল্টিমিটার, ১টি হেড ল্যাম্প, ১টি ইলেকট্রিক শক টর্চ, ১টি অ্যাকশন ক্যামেরা, ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩টি মেমোরি কার্ড ও ১টি আয়রন কাটার।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ গ্রেফতার পাঁচজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও পাঁচজন গ্রেফতারের বিষয়ে তিনি অবগত রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।