প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬ ১১:২৩ (রবিবার)
সিলেটে ‘বৈধতা’ ফিরে পাওয়ার অপেক্ষায় এমপি প্রার্থীরা : শুনানি শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের সংসদীয় আসনগুলোতে মনোনয়নপত্রের বৈধতা নিয়ে অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের সময়সীমা শেষ হওয়ায় আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই চার জেলা নিয়ে গঠিত সিলেট অঞ্চলের বিভিন্ন আসনের প্রার্থীরাও কেন্দ্রীয়ভাবে আপিল করেছেন। দেশের মোট আপিল আবেদনের অংশ হিসেবে এসব আবেদন জমা পড়ে গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। পাঁচ দিনের এই সময়ে সারা দেশ থেকে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা হয়, যার মধ্যে শেষ দিনে জমা পড়ে ১৭৬টি আবেদন।

শনিবার সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শুনানি চলবে এবং এই প্রক্রিয়া আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী পর্যায়ক্রমে আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট অঞ্চলের ১৯টি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই শেষে ১১০টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও ৩৬টি মনোনয়ন বাতিল হয়। মনোনয়ন বাতিল হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি ও যোগাযোগ শুরু করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

আপিল শুনানির ফলাফলের দিকে তাকিয়ে এখন সিলেট বিভাগের সংসদীয় আসনগুলোর প্রার্থীরা নিজেদের প্রার্থিতার ‘বৈধতা’ নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।