ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনকালীন সময় পর্যন্ত সব ধরনের সরকারি পত্র যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং সংশ্লিষ্ট ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পৃথক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, এ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের জন্য গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে নির্দেশনা পাঠানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত নির্ধারিত লোগো সব ধরনের সরকারি পত্র যোগাযোগে ব্যবহার করতে হবে। নির্দেশনা অনুযায়ী, লোগোটি চিঠির উপরের ডান পাশে সংযুক্ত করতে হবে।
এছাড়া গণভোট সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যানার ও ফেস্টুন গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানায়, নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।