প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬ ১৮:৩৯ (বুধবার)
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী' প্রার্থী

ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে মিজানুর রহমান চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা পোস্ট করেন। ওই পোস্টে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তোলা একটি ছবিও সংযুক্ত করেন এবং নিজের সিদ্ধান্তের কথা সরাসরি ভোটারদের জানান।

মিজানুর রহমান চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ছাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। মিজানুর রহমান চৌধুরীর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা তৈরি হয় এবং দলীয় প্রার্থীর জন্য পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ছাতক- দোয়ারাবাজার আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য ভোট পান মিজানুর রহমান চৌধুরী। ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকলেও তার বিপুল ভোট ও শক্তিশালী কর্মী-সমর্থক ঘাঁটি তাকে এলাকায় জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।

ফেসবুকে দেওয়া বার্তায় মিজানুর রহমান চৌধুরী বলেন, ভোটারদের ভালোবাসা ও আবেগের প্রতি সম্মান জানিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে গত ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে গুলশানের কার্যালয়ে ডেকে দল ও দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান।

তিনি আরও বলেন ভোটারদের ভালোবাসা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দলের সর্বোচ্চ নীতি-নির্ধারকের অনুরোধ উপেক্ষা করা তার পক্ষে সম্ভব হয়নি। এ কারণে তিনি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে বা বিরক্ত হলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং তার জন্য কর্মী-সমর্থকদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বার্তায় তিনি বলেন, ভবিষ্যতেও ছাতক ও দোয়ারাবাজারবাসীর পাশে থাকবেন এবং ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার রাজনৈতিক আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রেরণা হিসেবে উল্লেখ করেন তিনি। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের অভিভাবক আখ্যা দেন।

শেষে মিজানুর রহমান চৌধুরী তার নেওয়া সিদ্ধান্তকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য ছাতক ও দোয়ারাবাজারের সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানান।