প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ১১:৩৩ (সোমবার)
সিলেটের ৩৬ জনের মধ্যে প্রার্থীতা ফিরে পেলেন একজন : শুনানি চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলায় বাতিল হওয়া ৩৬টি মনোনয়নপত্রের মধ্যে প্রথম দিনের আপিল শুনানিতে একজন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। হবিগঞ্জ-৪ আসনে এবি পার্টির প্রার্থী মোকাম্মেল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল শুনানির প্রথম দিনে সারা দেশের বিভিন্ন আসনের মোট ৭০টি আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এতে ৫১ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান, একজনের প্রার্থিতা বাতিল বহাল থাকে এবং তিনটি আপিলের বিষয়ে সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে চারজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

এদিকে আজ রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা নিয়ে গঠিত সিলেট বিভাগের বিভিন্ন আসনের প্রার্থীরাও কেন্দ্রীয়ভাবে এসব শুনানিতে অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনে সারা দেশ থেকে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে, যার মধ্যে শেষ দিনেই জমা হয় ১৭৬টি আবেদন।

এর আগে মনোনয়নপত্র বাছাই শেষে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ১১০টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও ৩৬টি মনোনয়নপত্র বাতিল করা হয়। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আপিল শুনানি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এবং তা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। কমিশন আরও জানিয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

আপিল শুনানির ফলাফলের ওপর ভিত্তি করে সিলেট বিভাগের সংসদীয় আসনগুলোর প্রার্থীরা এখন নিজেদের প্রার্থিতার বৈধতা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন।