সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় শনিবার (১০ নভেম্বর) মধ্যরাতে একটি বিপণীবিতানের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ‘নারী’ নামের ওই বিপণীবিতানে রাত আনুমানিক ১টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় দোকানটি বন্ধ ছিল। ঘটনার পর পুরো এলাকাজুড়ে ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয়, এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে। কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের বিস্ফোরণ থেকেই এ ঘটনা ঘটেছে।
তিনি বলেন, বিস্ফোরণে দোকানের গ্লাস ভেঙে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ঘটনার সময় দোকান বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।
ওসি আরও জানান, দোকান কর্তৃপক্ষ মেরামতের কাজ শেষ করার পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানাবে। এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে।