প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ১৬:৫৮ (সোমবার)
সিলেটে চলাচলে ২ দিন মানতে হবে যেসব নির্দেশনা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এসএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৩ ও ১৪ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ–২০০৯ এর ২৯, ৩০, ৩১ ও ৩২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন বা লাউডস্পিকারসহ শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অস্ত্রশস্ত্র, লাঠি, ইট-পাথর ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা পরীক্ষা কেন্দ্রগুলো হলো—আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এসএমপি জানিয়েছে, উক্ত আদেশ ১৩ ও ১৪ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বলবৎ থাকবে। জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।