প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬ ১৯:১৭ (রবিবার)
শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে স্বতন্ত্র প্রার্থীর রিট

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ এ রিট দায়ের করেন। রিটে শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি রয়েছে। সে কারণে এ সময়ে শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন আইনসংগত নয় বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে জানতে স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে রিটের খবর ছড়িয়ে পড়লে শাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তারা শাকসু নির্বাচন চালু রাখার দাবি জানান এবং নির্বাচন স্থগিতের উদ্যোগের প্রতিবাদ করেন।

এ প্রসঙ্গে স্বতন্ত্রদের ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের এজিএস পদপ্রার্থী হাফিজুর রহমান হাফিজ ইমজা নিউজকে বলেন, ‘নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আর মাত্র একদিন পর সাস্টিয়ানদের বহুল কাঙ্খিত নির্বাচন, যার জন্য অধীর আগ্রহে ক্ষণ গোনছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলে।

তিনি বলেন, ‘এই নির্বাচন দেশের গণতন্ত্র ও নির্বাচনী অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। পাশাপাশি শাকসুর অনেক শিক্ষার্থীর জীবনে এটি প্রথম ভোট দেওয়ার সুযোগ।’

রিটটিকে অযৌক্তিক ও নির্বাচন বানচালের অপচেষ্টা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শাকসু নির্বাচন বন্ধের যেকোনো অশুভ পায়তারা সাধারণ শিক্ষার্থীরাই রুখে দেবে।

রিটের বিষয়ে আদালতের আদেশ ও পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা।