ছবি: সংগৃহীত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে খসড়া প্রকাশের মাধ্যমে সর্বসাধারণের মতামত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন এবং বিশেষজ্ঞদের অভিমত গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অধ্যাদেশের খসড়া চূড়ান্তকরণে সকলের যৌক্তিক প্রত্যাশা প্রতিফলিত করা হয়েছে এবং উদ্বেগসমূহ বিবেচনা করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ধারাবাহিকভাবে সকল অগ্রগতির তথ্য সর্বসাধারণকে জানিয়ে আসছে।
টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌলিক ও উপকাঠামোগত সংস্কার ধাপে ধাপে এবং যথাযথভাবে সম্পন্ন করতে হয়। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই অধ্যাদেশটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় থাকায় জনদুর্ভোগ সৃষ্টি বা স্বাভাবিক জনজীবন ব্যাহত করার কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, দীর্ঘদিনের ধৈর্য ও সহযোগিতার ধারা অব্যাহত থাকলে অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে, যা বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।