প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬ ২১:১১ (বুধবার)
নির্বাচনের মাঠে আছি এবং থাকব: চাকসু মামুন

ছবি: সংগৃহীত

নির্বাচনের মাঠে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন বলে নিশ্চিত করেছেন সিলেট-৫ আসনের  স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।  তিনি বলেন, `গণজোয়ার দেখে ঈষার্ন্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা নানামুখি ষড়যন্ত্রে মেতে উঠেছে। নির্বাচনের মাঠ থেকে সরাতে বিভিন্ন অপচেষ্টাও করছে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। জনগণ পাশে থাকলে কোনো শক্তি নির্বাচন থেকে সরাতে পারবেনা। জনগণের ভোটের জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে।'

সোমবার (১৯ জানুয়ারি) বাদ আসর কানাইঘাট উপজেলার ৩নং দিঘির পার ইউনিয়নে পৃথক গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।

চাকসু মামুন আরও বলেন, ‘সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। জনগণও তাকে স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে ও বেগম জিয়ার নেতৃত্বে আনুগত্য থেকে ৪৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। দীর্ঘ এই সময়ে নিজ এলাকা জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা সহ সিলেট জেলায় দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় ম্যাডামের মৃত্যুর দিন আমার নেতা তারেক রহমান যখন মানসিকভাবে বিপর্যস্ত ঠিক তখনই তড়িঘড়ি করে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  এটাকে আমি ষড়যন্ত্র বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়া নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন।তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। একজন খাঁটি দেশপ্রেমিক রাষ্ট্র প্রধান ছিলেন।’

মামুন আরও বলেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ  আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে।  জনগণ পাশে থাকলে  আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে  বাঁচতে চাই।’

সড়কের বাজার, দর্পনগর ও মাটিজুরা সহ বেশ কয়েকটি স্থানে গণসংযোগ ও পথসভা করেন।

এসব পথসভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আলতাফ হোসেন চেয়ারম্যান, কুতুবউদ্দিন মেম্বার, মহিলা মেম্বার জবা রাণী দাস, আসাদ, সাইদুল হক মাসুম, শ্রী বিন্দু, বিপ্লব, আজির উদ্দিন, আলাউদ্দিন, কুতুবউদ্দিন, ইসলাম উদ্দিন প্রমুখ।