প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬ ২০:৪২ (বুধবার)
সুনামগঞ্জে ৫ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রতিবেদকের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাজী মুখরেছুর রহমান ও ইসলামী আন্দোলনের মো. রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করেছেন। সুনামগঞ্জ-২ আসনে খেলাফত মজলিসের মোহাম্মদ সাখাওয়াত হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

সুনামগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোটের সমীকরণের অংশ হিসেবে ইয়াসীন খান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সুনামগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মোহাম্মদ আজিজুল হক ও এলডিপির মো. মাহফুজুর রহমান খালেদ তুষার মনোনয়ন প্রত্যাহার করেছেন। সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এর আগে জেলার ৫টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাইবাছাই শেষে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ২৬ জনের বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ৭ জন প্রার্থী পুনরায় মনোনয়ন ফিরে পান। তবে ৮ প্রার্থী প্রত্যাহার করার কারণে এখন ৫টি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

সুনামগঞ্জ ১ ও ৩ আসনে বিএনপির দুইজন প্রার্থী থাকায় চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তি চিঠি অনুযায়ী দলের একজনকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ফলে ভোটযুদ্ধে অংশগ্রহণ করবেন ২৩ জন প্রার্থী।

বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া নিশ্চিত করেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।