বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে দল। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে তিনি বিমানযোগে সিলেট জেলায় পৌঁছানোর কথা রয়েছে। দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাতেই তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এই জনসভা থেকেই বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। জনসভায় সিলেট বিভাগে বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের সিলেট সফর ঘিরে নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকাসহ গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙানো হয়েছে। জনসভা উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে এবং আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিএনপির রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে বলেন, সিলেট সফরের পর তারেক রহমান মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে ধারাবাহিক জনসভায় অংশ নেবেন। তিনি জানান, নির্বাচনী প্রচারণার শুরুতে বিএনপির একটি থিম সং উন্মোচন করা হবে।
জনসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।