প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ ১৭:৫৫ (বুধবার)
শাকসু বাস্তবায়নের দাবিতে সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবির সিলেট মহানগরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারি ২০২৬ (বুধবার) দুপুরে বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ-এর সভাপতিত্বে, সিলেট মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, ‘শাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যখন তাদের ছাত্র প্রতিনিধি নির্বাচনের স্বপ্ন দেখছে, ঠিক তখনই বিএনপি এবং তাদের লেজুড়বৃত্তিক সংগঠন ছাত্রদল শাবিপ্রবি শিক্ষার্থীদের সেই স্বপ্ন ধূলিসাৎ করার নীলনকশা শুরু করেছে। ছাত্রদল ঢাকায় মব করে ইসি ভবন ঘেরাও করে প্রমাণ করেছে যে, তারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে না। তারা ভয় পায় ব্যালটকে, তারা ভয় পায় সাধারণ শিক্ষার্থীদের রায়কে। কেন এই ভয়? কারণ তারা জানে, ডাকসু, রাকসু, চাকসু, জাকসু ও জকসুসহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা তাদের যেভাবে ছুড়ে ফেলে দিয়েছে, শাবিপ্রবির মাটিতেও তাদের জন্য সেই একইরকম চরম পরাজয় অপেক্ষা করছে।’

তিনি বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। বিএনপি ভালো করেই জানে, যদি ২০ জানুয়ারি শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হয় এবং সেখানে ছাত্রদল হারে, তবে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের দশা সারা দেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে। এই নির্লজ্জ পরাজয়ের গ্লানি এড়াতেই তারা আজ ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তারা চায় না এই বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক, তারা চায় না সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার বুঝে পাক।’

তিনি ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘শাবিপ্রবির ৯ হাজার শিক্ষার্থীরাই নির্ধারণ করবে শাকসু নির্বাচন হবে কি হবে না। যারা জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে বা পরাজয়ের ভয়ে শাকসু নির্বাচন স্থগিত করেছে, তাদের দাঁতভাঙা জবাব সাস্টিয়ানরাই দেবে।’

শাবিপ্রবি প্রশাসনকে অনতিবিলম্বে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে শাকসু নির্বাচনের পথ সুগম করতে হবে। কোনো অপশক্তির কাছে মাথা নত করা চলবে না।

তিনি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের অধিকার হরণকারী এই ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, ‘ছাত্রশিবির শিক্ষার্থীদের অধিকার আদায়ে মাঠে নেমেছে, শিক্ষার্থীদের মৌলিক অধিকার শাকসু বাস্তবায়ন করেই মাঠ ছাড়বে। তিনি ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘যারা শাকসু নিয়ে ষড়যন্ত্র করছেন, আপনারা সাবধান হয়ে যান-আপনাদের কোনো ষড়যন্ত্র টিকবে না। শিক্ষার্থীরা আপনাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।’

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।

এছাড়াও বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির সিলেট মহানগর ও সিলেট জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।